
এইচ এম সাগর (হিরামন) খুলনা :
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে খুলনা নগরীতে শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) বিকালে নগরীর শিববাড়ি মোড়ে এ কর্মসূচি আয়োজন করা হয়। খুলনা জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি প্রার্থী মোঃ রুবেল হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি জি এম জাফরুল ইসলাম। শ্রমিক অধিকার পরিষদ খুলনা জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,খুলনা মহানগর শ্রমিক অধিকার পরিষদের সদস্য মোঃ আরমান হোসেন, উজ্জ্বল চন্দ্র, রবিউল ইসলাম, রাকিব হাসান, জেলা দপ্তর সম্পাদক বঙ্কিম মন্ডল, রিপন শেখ, জাফর মাহমুদ এবং আল-আমিন মোহাম্মদসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের সিনিয়র নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মোঃ রুবেল হোসেন বলেন, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষা শ্রমিকদের মৌলিক অধিকার। ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের শ্রমিক আন্দোলনের আত্মত্যাগের মধ্য দিয়েই বর্তমান শ্রম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, শ্রমিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সকলের দায়িত্ব। শুধু মজুরি প্রদান করলেই দায়িত্ব শেষ হয় না, কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।















