
নিজস্ব প্রতিবেদক:
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আকিজ কোম্পানির সহযোগিতায় খুলনা নির্মাণ (টিউবওয়েল প্লাম্বিং-রেজি: নং খুলনা-২১৩৬) শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন খুলনা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ তৈয়্যেবুর রহমান শেখ। দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। র্যালিটি গল্লামারী দরগা রোডস্থ অফিস থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মোহাম্মদ নগর বিশ্বরোডে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে সন্ধ্যায় সাচিবুনিয়া বাইপাস সংলগ্ন মৃধা কমিউনিটি সেন্টারে মোঃ মোকলেছ মৃধার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা আরও জানান, ইতোমধ্যে শ্রমিক ইউনিয়নের সদস্য ও তাদের পরিবারের জন্য শিক্ষা বৃত্তি, চিকিৎসা সহায়তা এবং দুর্ঘটনায় আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ জন্য আকিজ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মোঃ ফজলুল হক মোল্লা, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমরান খান, মোঃ মোকলেছ মৃধা, মোঃ মারুফ হোসেন তফাদার, আসলাম শেখসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাই শ্রমিকদের কল্যাণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
আকিজ পরিবারের আন্তরিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও শ্রমিক অধিকার রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।















