সর্বশেষ:

পাইকগাছায় ছদ্মবেশে ডিবি ও প্রশাসনের যৌথ অভিযান; গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার, কারাদণ্ড

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের চারবান্দা বাজারে মাদকবিরোধী এক যৌথ অভিযানে মৃত বাবর আলী গাজীর ছেলে বিল্লাল গাজী নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।শনিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও খুলনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্র ও অভিযান পরিচালনাকারী টিম জানায়, গ্রেফতারকৃত বিল্লাল গাজী দীর্ঘদিন ধরে চারবান্দা বাজার ও এর আশেপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এলাকায় সে একজন পেশাদার গাঁজা ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে এই অবৈধ কারবার চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল চারবান্দা বাজারে অভিযান চালায়। অভিযানের কৌশল হিসেবে প্রশাসনের একজন সদস্য ক্রেতা সেজে বিল্লাল গাজীর কাছে ৫”শ গ্রাম গাঁজা কেনার প্রস্তাব দেন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিল্লাল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ডিবি পুলিশ ও প্রশাসনের সদস্যরা ধাওয়া করে তাকে ধরে ফেলেন। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৬”শ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

​​মাদকসহ হাতেনাতে গ্রেফতারের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধ স্বীকার করায় বিল্লাল গাজীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে। এলাকার যুবসমাজকে রক্ষায় যেকোনো মূল্যে মাদক নির্মূল করা হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana