
খুলনা মহানগরীতে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রসার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ মে ২০২৬) খুলনার সি ইউ সি স্কুল, ৬১ সাউথ সেন্ট্রাল রোড, নার্গিস মেমোরিয়াল হসপিটাল সংলগ্ন এলাকায় “সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে” এই কর্মসূচির আয়োজন করে কাম ফর আনপ্রিভিলিজড্ চাইল্ড (সি ইউ সি), খুলনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ খুলনার প্রশাসক ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান কে. এম. আশরাফুল আলম নান্নু। এছাড়াও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বক্তারা বলেন, শিক্ষা বিস্তারের মাধ্যমে দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।















