সর্বশেষ:

পাইকগাছায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের ব্যবহার—উন্নয়নের নামে অনিয়মের অভিযোগ

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় সরকারি সড়ক নির্মাণ কাজে প্রকাশ্যেই নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। উন্নয়নের নামে নিম্নমানের উপকরণ ব্যবহারের এ ঘটনা এখন এলাকাজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে।উপজেলার গড়ইখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কানাখালী ডাবল ব্রিজ থেকে এলিবাড়ী খাল হয়ে সাবেক মনোহার মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় ৪৫০ মিটার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে ভাঙা, নিন্মমানের ও ব্যবহার অনুপযোগী ইট, যা সড়কের স্থায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর শুরু থেকেই নিম্নমানের উপকরণ ব্যবহার করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো নজরদারি চোখে পড়ছে না। ফলে সরকারি অর্থে বাস্তবায়িত এ উন্নয়ন প্রকল্প শুরুতেই টেকসই হওয়ার বদলে ধ্বংসের পথে যাচ্ছে বলে আশঙ্কা করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি কাজ হলেও এখানে মান বজায় রাখা হচ্ছে না। ভাঙা ও নিম্নমানের ইট দিয়ে যেভাবে কাজ চলছে, তাতে অল্প সময়েই পুরো সড়ক নষ্ট হয়ে যাবে।”এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রশাসন সরেজমিন তদন্ত করে কাজের মান যাচাই করুক এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক।
অন্যদিকে গড়ইখালী ৮ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মোমিন অভিযোগ অস্বীকার করে বলেন, “কাজ নিয়ম মেনেই করা হচ্ছে। কিছু অভিযোগ উঠেছে, তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
তবে সচেতন মহলের প্রশ্ন—সরকারি উন্নয়ন প্রকল্পে শুরুতেই যদি এমন গুরুতর অনিয়মের অভিযোগ ওঠে, তাহলে মাঠপর্যায়ে তদারকি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন থেকেই যাচ্ছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana