
নিজস্ব প্রতিবেদক:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ মোঃ রাসেল মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আটটার দিকে বটিয়াঘাটা থানার বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহিমের নেতৃত্বে সুন্দরমহল খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক রাসেল মোল্লা ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের আকড়া গ্রামের জামাল মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাসেল মোল্লা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে সুন্দরমহল, মধুখালী ও ডুমুরিয়াসহ আশপাশের একাধিক এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, সুন্দরমহল এলাকায় আরও একটি শক্তিশালী ও সুসংগঠিত মাদক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার সঙ্গে নিজেকে সাংবাদিক পরিচয়দানকারী এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, বিভিন্ন পত্রিকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করে ভুয়া পরিচয় তৈরি করে এই ব্যক্তি এলাকায় প্রভাব বিস্তার করে আসছে এবং সেই আড়ালেই মাদক ব্যবসা পরিচালনা করছে।
অভিযোগ রয়েছে, এ চক্রটি নিয়মিতভাবে বাইরের এলাকা থেকে মাদক এনে স্থানীয়ভাবে সরবরাহ করে এবং নানা কৌশলে সাধারণ মানুষ, এমনকি কিশোরদেরও টার্গেট করে অর্থ হাতিয়ে নিচ্ছে। আরও ভয়াবহ অভিযোগ হলো, প্রলোভন দেখিয়ে পরিবারের সদস্যদের ব্যবহার করেও তারা এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বিচার হলেও রহস্যজনক কারণে কোনো স্থায়ী সমাধান হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে অনেকেই অভিযোগ করে বলেন, এই চক্রের অন্যতম মূল সদস্য হাসিব বিশ্বাসের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তিনি মিথ্যা তথ্য ও কল্পকাহিনী সাজিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে থানায় জিডি ও অভিযোগ দায়ের করে হয়রানি করার চেষ্টা করেন। ফলে ভুক্তভোগীরা ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।
এলাকার নিরীহ সাধারণ জনগণ ও অভিভাবকদের ক্ষোভ ও প্রশ্ন, এই ধরনের ছদ্মবেশী মাদক বিক্রেতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে কখনোই সুন্দরমহল এলাকা থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাদের দাবি, প্রশাসনের কঠোর ও ধারাবাহিক অভিযান ছাড়া এদের দৌরাত্ম্য থামানো যাবে না।















