
মোঃ মনিরুজ্জামান চৌধুরী (বিশেষ প্রতিনিধি) :
নড়াইল জেলার কালিয়া উপজেলার অন্তর্গত নড়াগাতী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। স্থানীয়দের মতে, প্রশাসনিক, ভৌগোলিক, জনসংখ্যাগত ও অবকাঠামোগত সব ধরনের প্রয়োজনীয় শর্ত পূরণ করায় নড়াগাতীকে দ্রুত উপজেলা ঘোষণা করা সময়ের দাবি।
রোববার (৩১ মে ২০২৬) বিকেল ৫টায় এক লিখিত বক্তব্যে ৩৪তম বিসিএস (নন-ক্যাডার) কর্মকর্তা ও গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোস্তফা কামাল মোল্লা বলেন, বাংলাদেশে নতুন উপজেলা গঠনের জন্য যে ধরনের প্রশাসনিক ও ভৌগোলিক মানদণ্ড প্রয়োজন, তার সবগুলোই নড়াগাতী থানার রয়েছে।
তিনি বলেন, নড়াগাতী থানার আওতাধীন ছয়টি ইউনিয়নের সম্মিলিত আয়তন ও জনসংখ্যা একটি পূর্ণাঙ্গ উপজেলা গঠনের জন্য যথেষ্ট। এ অঞ্চল দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও সামাজিকভাবে একটি স্বতন্ত্র জনপদ হিসেবে পরিচিত।
ঐতিহাসিক গুরুত্বের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, নড়াগাতী থানার উপকণ্ঠে অবস্থিত অমৃতনগর একসময় এ অঞ্চলের প্রশাসনিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। উনিশ শতকে জমিদারদের প্রশাসনিক কার্যক্রম, খাজনা আদায় এবং বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য অমৃতনগর কাচারি ব্যবহৃত হতো। ফলে এ অঞ্চলের মানুষের মধ্যে একটি ঐতিহাসিক প্রশাসনিক পরিচয় ও ঐতিহ্য এখনো বিদ্যমান রয়েছে।
তিনি আরও বলেন, ইউনিয়নের সংখ্যার দিক থেকেও নড়াগাতী উপজেলার দাবিদার। সাধারণভাবে একটি উপজেলা গঠনের ক্ষেত্রে সাত বা আটটি ইউনিয়ন থাকার প্রচলন থাকলেও সাম্প্রতিক সময়ে এর ব্যতিক্রম দেখা যাচ্ছে। সরকারের উদ্যোগে কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বিভক্ত করে মাতামুহুরি উপজেলা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে সাতটি ইউনিয়ন থাকবে। একইভাবে ঠাকুরগাঁওয়ে রুহিয়া ও ভুল্লী এবং বগুড়ায় মোকামতলা উপজেলা গঠনের উদ্যোগে ইউনিয়নের সংখ্যা তুলনামূলক কম রাখা হয়েছে। সে বিবেচনায় নড়াগাতীর ছয়টি ইউনিয়ন নিয়েও একটি উপজেলা গঠন বাস্তবসম্মত ও যৌক্তিক।
যোগাযোগ ব্যবস্থার প্রসঙ্গ উল্লেখ করে মোস্তফা কামাল মোল্লা বলেন, প্রস্তাবিত উপজেলার অন্তর্ভুক্ত ছয়টি ইউনিয়নের সঙ্গে নড়াগাতী থানা সদরের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত ও সহজ। ফলে উপজেলা প্রশাসনের কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের বাস্তব সমস্যা সৃষ্টি হবে না। তিনি বলেন, প্রশাসনিক দৃষ্টিকোণ থেকেও নড়াগাতীকে উপজেলা করা অত্যন্ত প্রয়োজন। নড়াইল জেলার প্রান্তিক এলাকায় অবস্থিত নড়াগাতী থেকে কালিয়া উপজেলা সদরের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার, কোনো কোনো এলাকার ক্ষেত্রে এর চেয়েও বেশি। ফলে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি সেবা গ্রহণের জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে হয়, যা সময় ও অর্থ উভয়ের অপচয় ঘটায়।
তিনি মনে করেন, সরকারের ঘোষিত ‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া’ নীতির বাস্তবায়নে নড়াগাতীকে উপজেলা হিসেবে উন্নীত করা জরুরি। এতে এলাকার মানুষের প্রশাসনিক সেবা প্রাপ্তি সহজ হবে এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। স্থানীয় সচেতন মহলও মনে করছে, দীর্ঘদিনের জনদাবি বিবেচনায় নিয়ে নড়াগাতীকে উপজেলা ঘোষণা করা হলে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বক্তার পরিচিতি:
মোস্তফা কামাল মোল্লা
৩৪তম বিসিএস (নন-ক্যাডার)
ইংরেজি শিক্ষক, গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোপালগঞ্জ।
স্থায়ী ঠিকানা: ডুমুরিয়া দক্ষিণ পাড়া, নড়াগাতী, নড়াইল।















