
মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইল প্রতিনিধি :
নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং গ্রাহকসেবাকে আরও গতিশীল করতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় সংসদ সদস্যের দিকনির্দেশনা ও সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে এসব প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চলমান কার্যক্রমের মধ্যে অন্যতম হলো যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পৃথক করে নড়াইল পল্লী বিদ্যুৎ সমিতি গঠনের উদ্যোগ। এটি বাস্তবায়িত হলে নড়াইল জেলার গ্রাহকরা আরও দ্রুত ও কার্যকর সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া কালিয়া উপজেলার কলাবাড়িয়া এবং চাচুরি এলাকায় পৃথক দুটি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের কাজ চলমান রয়েছে। এসব উপকেন্দ্র চালু হলে বিদ্যুতের ভোল্টেজ সমস্যা কমবে এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে। কলাবাড়িয়া উপকেন্দ্র থেকে নতুন চারটি ফিডার নির্মাণের কাজও চলছে। এর ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোড বণ্টন সহজ হবে এবং ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা কমবে। গ্রাহকসেবার মান উন্নয়নে কলাবাড়িয়ায় একটি নতুন অভিযোগ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে। পাশাপাশি গত মাসে মহাজন এলাকায় একটি নতুন অভিযোগ কেন্দ্র চালু করা হয়েছে, যা স্থানীয় গ্রাহকদের দ্রুত অভিযোগ নিষ্পত্তিতে সহায়তা করছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করতে গোবরা/গোপালগঞ্জ থেকে একটি বিকল্প ৩৩ কেভি বিদ্যুৎ লাইন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে কোনো কারণে একটি লাইন বিচ্ছিন্ন হলেও বিকল্প লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা সম্ভব হবে।
এছাড়া বিদ্যুৎ বিভাগের জনবল ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি, প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম সংযোজন এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ অব্যাহত রয়েছে। অন্যদিকে ঝড়-বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ লাইনের ক্ষয়ক্ষতি কমাতে এবং বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে নিয়মিতভাবে বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা ছাঁটাই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে কালিয়া উপজেলার বিদ্যুৎ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে এবং গ্রাহকরা আরও মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা লাভ করবেন।















