
এইচ এম সাগর (হিরামন) :
খুলনার বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই আব্দুর রহিম মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন। জানা যায়, ডুমুরিয়া-বারোআড়িয়া সড়কের কোদলা এলাকায় এক ব্যক্তি আইন অমান্য করে সড়কের ওপর গবাদিপশুর গোবর শুকানোর জন্য ছড়িয়ে রাখেন। ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
বিষয়টি জানতে পেরে এসআই আব্দুর রহিম ঘটনাস্থলে পৌঁছে নিজ হাতে কোদাল দিয়ে সড়কের ওপর থাকা গোবর অপসারণ করেন এবং পথচারী ও যানবাহন চলাচলের জন্য সড়কটি নিরাপদ করে তোলেন। তার এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। এলাকাবাসীর মতে, একজন পুলিশ কর্মকর্তা হিসেবে শুধু আইন প্রয়োগ নয়, জনস্বার্থে এমন দায়িত্বশীল ভূমিকা সত্যিই প্রশংসার দাবি রাখে। সচেতন মহলের অভিমত, এসআই আব্দুর রহিমের মতো মানবিক ও জনবান্ধব পুলিশ কর্মকর্তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তার এই কাজ পুলিশ বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও সম্মান আরও বৃদ্ধি করবে।















