
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা পৌরসভার নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং প্রাণীদের জলাতঙ্কমুক্ত রাখতে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পৌরসভার তত্ত্বাবধানে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় ২২ মে শুক্রবার ভোর থেকে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কুকুরকে ভ্যাকসিন প্রদান করা হয়।
জানা গেছে, পৌর এলাকায় অবাধে বিচরণকারী কুকুরগুলোকে টিকার আওতায় এনে জলাতঙ্ক প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে কুকুরের কামড়ে গরু, ছাগলসহ বিভিন্ন প্রাণী আক্রান্ত হওয়ার ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়। কুকুরের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন কার্যক্রমের সার্বিক তদারকি করেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।















