
মোঃ শামীম শেখ, বটিয়াঘাটা (খুলনা):
সাংবাদিকতার মতো সম্মানজনক পেশার আড়ালে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর মাদক সাম্রাজ্য, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে খুলনার বটিয়াঘাটা উপজেলায়। অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা এক ভুয়া সাংবাদিক দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে দাবি স্থানীয়দের।ভুক্তভোগী মোঃ মতিয়ার রহমান শেখ (৬৫) বাধ্য হয়ে বটিয়াঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৪৫১, তারিখ: ২৯ মার্চ ২০২৬) করেছেন।
অভিযোগে বলা হয়, সুন্দরমহল এলাকার মোঃ হাসিব বিশ্বাস (২৭) কোনো বৈধ বা সরকার অনুমোদিত প্রিন্ট, ইলেকট্রনিক কিংবা অনলাইন গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত না থেকেও নিজেকে ভুয়া সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। অভিযোগ রয়েছে, মাত্র ২৯০০ টাকার বিনিময়ে একটি অনিবন্ধিত ও ভুয়া অনলাইন নিউজ পোর্টালের প্রেস কার্ড কিনে সে এই পরিচয় গ্রহণ করে। পাশাপাশি একটি ভুয়া ফেসবুক পেজ ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
স্থানীয়দের অভিযোগ, এই ভুয়া পরিচয়কে ঢাল বানিয়ে সে গড়ে তুলেছে একটি সংঘবদ্ধ মাদক চক্র এবং প্রকাশ্যেই মাদক বাণিজ্য চালিয়ে যাচ্ছে।ভুক্তভোগীর দাবি, তার নিজ জমিতেই প্রকাশ্যে মাদক বিক্রি চলছিল। এতে বাধা দিলে অভিযুক্ত এই ভুয়া সাংবাদিক ক্ষিপ্ত হয়ে জমির গাছপালা কেটে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করে। শুধু তাই নয়, গত ২০ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে প্রতিবাদ জানাতে গেলে হাসিব বিশ্বাস ও তার পিতা সেলিম বিশ্বাস তাকে প্রকাশ্যে হুমকি দেয়, মারধর, হত্যা এমনকি মিথ্যা মামলায় ফাঁসানোরও ভয় দেখানো হয়।
মতিয়ার রহমান শেখ বলেন,“সে ভুয়া সাংবাদিক পরিচয় দেখিয়ে এলাকায় দাপট দেখায়। কেউ প্রতিবাদ করলেই হামলা, হুমকি আর মিথ্যা মামলার ভয় দেখানো হয়।”এলাকাবাসীর ভাষ্য, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে চলা একটি সংগঠিত অপরাধচক্রের বহিঃপ্রকাশ। তাদের দাবি, ভুয়া সাংবাদিকতার আড়ালে এমন অপরাধমূলক কর্মকাণ্ড চলতে থাকায় সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।
সচেতন মহলের মতে,“এটি শুধু একটি মাদক সংক্রান্ত অপরাধ নয়; এটি ভুয়া সাংবাদিক পরিচয় ব্যবহার করে অপরাধকে আড়াল করার এক নিকৃষ্ট ও বিপজ্জনক প্রবণতা। এই ধরনের কথিত ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত পেশাদার সাংবাদিকরাও আজ সমাজে প্রশ্নবিদ্ধ হচ্ছেন এবং পেশাটির মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
এ বিষয়ে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান,“অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রমাণ মিললে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”সংশ্লিষ্টরা বলছেন, ভুয়া সাংবাদিক পরিচয়ের আড়ালে অপরাধ সংঘটন শুধু আইনের লঙ্ঘন নয়,এটি সমাজ ও রাষ্ট্রের জন্য এক গুরুতর হুমকি।













