
এইচ এম সাগর (হিরামন) খুলনা :
খুলনার দাকোপ উপজেলায় নানা আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ২৩২ তম ঐতিহ্যবাহী বার্ষিক মহা শ্মশান কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দশটায় উপজেলার তিলডাঙ্গা সার্বজনীন শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে দিনব্যাপী ছিল ভক্তদের ঢল।
দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, একদিনের এই মেলায় প্রায় তিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বারহান উদ্দিন মিঠু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সি -সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আইনশৃঙ্খলা রক্ষায় ছিল পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পূজা উদযাপন কমিটির সভাপতি মানস কুমার গোলদার জানান, একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পূজা ও মেলা সম্পন্ন হয়েছে। মেলা উপলক্ষে অনুষ্ঠিত হয় কবিগানের আসর। এতে সংগীত পরিবেশন করেন গৌতম সরদার ও তন্ময় সরদার এবং তাদের সঙ্গীরা। ভক্ত দর্শনার্থীদের অংশগ্রহণে কবিগানের আসর জমে ওঠে গভীর রাত পর্যন্ত। আয়োজক সূত্রে জানা যায়,
এবারের পূজায় বিভিন্ন ভক্তের মানতের ৫৩৩টি পাঠা ছাগল বলি দেওয়া হয়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই পূজা সম্পন্ন হয়। পূজায় আশা ভক্তরা বলেন, শতাব্দী প্রাচীন এ মহাশ্মশান কালী পূজা শুধু ধর্মীয় আয়োজনই নয় বরং এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক।















