
স্টাফ রিপোর্টারঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমানের একটি কথোপকথন ফাঁস হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ফাঁস হওয়া সেই অডিও কথোপকথনে তিনি দলীয় প্রতীক ধানের শীষের ভোট নয়, বরং ইউনিয়ন চেয়ারম্যান আসলামকে পরাজিত করাই তার মূল উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেছেন।
ফাঁস হওয়া কথোপকথনে ওলিয়ার রহমানকে বলতে শোনা যায়, তিনি সভাপতি হয়েছেন যাদের ভোটে, তারা ধানের শীষে ভোট দিক কিংবা অন্য প্রতীক ‘দাড়িপাল্লায়’ ভোট দিক, এতে তার কিছু যায় আসে না। তার মূল লক্ষ্য ছিল বর্তমান চেয়ারম্যান আসলামকে হারানো।
অডিওতে তিনি আরও বলেন, “আমি ওলিয়ার রহমান সভাপতি হয়েছি যাদের ভোটে, তারা তাড়াতাড়ি পাল্লায় ভোট দিক আর ধানের শীষে ভোট দিক, তাতে আমার কিছু আসে যায় না। আমার দরকার ছিল আসলামকে হারানো, আমি তা হারিয়েছি।”
এদিকে কথোপকথনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।
তবে এ বিষয়ে এখনো ওলিয়ার রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়েও স্থানীয় বিএনপি নেতাদের কাছ থেকে স্পষ্ট কোনো মন্তব্য মেলেনি।
স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, ফাঁস হওয়া এই বক্তব্য গঙ্গারামপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে।















