
কয়রা প্রতিনিধি খুলনা
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের শিবতলার বিলে ঘেরের বাসায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ৩৫০ বিঘা জমি দখলের চেষ্টার অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ঘের মালিক। তবে অভিযুক্ত পক্ষ তা অস্বীকার করেছে। ঘের মালিক সেলিম শেখ জানান, বুধবার দুপুরে একদল লোক তার ৭৪ বিঘা জমির ঘের দখলের চেষ্টা করে এবং ঘেরের বাসা ও রান্নাঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
তিনি অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল হুদার নেতৃত্বে এ ঘটনা ঘটেছে। আগুনে তাদের বাসা ও রান্নাঘর ভস্মীভূত হয়েছে বলে জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশের সাহায্য চান। স্থানীয়দের ভাষ্য, সেলিম শেখ ও ফিরোজ নামে দুই যুবক ডিসিআর প্রাপ্তদের কাছ থেকে হারিতে ৫২ বিঘা এবং ব্যক্তি মালিকানার ২২ বিঘা জমি নিয়ে মিষ্টি পানির ঘের করছেন। অভিযোগ রয়েছে, সাতক্ষীরার ব্যবসায়ী আব্দুল লতিফ মেয়াদোত্তীর্ণ ডিডের ৩৫০ বিঘা জমি দখলের চেষ্টা করছেন। এ ব্যাপারে ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল হুদা বলেন, “আমি এ ঘটনার সাথে কোনো প্রকার জড়িত না। আমাকে হয়রানি করতে তারা এসব বলে বেড়াচ্ছে।” কয়রা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহ আলম জানান, “ঘেরের বাসায় আগুন দেওয়ার ৯৯৯ এ অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।” এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।















