
খুলনার কয়রায় উৎসবমুখর পরিবেশে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ২০ মে বুধবার দুপুরে ঘুগরাকাটি উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও কৃষকের কাছ থেকে ধান গ্রহণের মাধ্যমে এ অভিযানের সূচনা করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ। এ সময় বক্তারা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকের উৎপাদিত ফসলের নায্য মূল্য নিশ্চিতে বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন। এমপি আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, “ধান সংগ্রহে যেন কোনো প্রকৃত কৃষক হয়রানির শিকার না হয় এবং স্বচ্ছতার সাথে লক্ষ্যমাত্রা অর্জিত হয় সেদিকে কড়া নজর রাখতে হবে।” উপজেলা খাদ্য কমকর্তা দেবপ্রসাদ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ উপজেলা খাদ্য পরিদর্শক দেবলা শীল এবং ঘুগরাকাটি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোঃ রুহুল আমিন এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সালাহউদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ। সংগ্রহ অভিযানের সময়সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে। নির্ধারিত মূল্য প্রতি কেজি ৩৬ টাকা (মণ প্রতি ১,৪৪০ টাকা) দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা হবে। চলতি মৌসুমে উপজেলা থেকে মোট ৫৬৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। একজন কৃষক সর্বনিম্ন ১ মেট্রিক টন থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান সরকারি গুদামে বিক্রয় করতে পারবেন। খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধে এবার কঠোর মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে।















