
নিজস্ব প্রতিবেদক:
খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সৈয়দ আহাদুজ্জামান নামে ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে রাতের আঁধারে সশস্ত্র দুষ্কৃতিকারীরা কুপিয়ে গুরুতর আহত করেছে। হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ও গলার স্বর্ণের চেইন, হাতের আংটি জোরপূর্বক ছিনিয়ে নেয়।
স্থানীয় সূত্র জানায়, আহত সৈয়দ আহাদুজ্জামান সৈয়দ এন্টারপ্রাইজের মালিক এবং কৈয়া বাজার বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক। মঙ্গলবার রাতে তিনি দিনের বিক্রির টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। ওত পেতে থাকা দুষ্কৃতিকারীরা হঠাৎ তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হামলার নেতৃত্ব দেন বিএনপির বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা হারুন। তার সঙ্গে যুবলীগ কর্মী মোতাহার, ফাহিম বিশ্বাস, তারিক ও জনিসহ আরও কয়েকজন সক্রিয় অংশ নেয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, অভিযুক্তরা এলাকায় মাদক ব্যবসা, জমি দখল ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
হামলার পর স্থানীয়রা আহত সৈয়দকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয়রা তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।














