সর্বশেষ:

পাইকগাছায় মৎস্য ঘের থেকে দু”জন ব্যক্তি নিখোঁজ, ৫ দিনেও কোন সন্ধান মেলেনি, থানায় জিডি

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

‎খুলনার পাইকগাছায় গড়ইখালী ইউনিয়নের বাসাখালী গ্রামে একটি মৎস্য ঘের থেকে দু”জন ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে ৫ দিনেও নিখোঁজদের উদ্ধার করতে পারেনি থানা পুলিশ।

‎জিডি সূত্রে জানা যায়, উপজেলার গড়ইখালী ইউনিয়নের মিনহাজ নদীর তীরে ওই এলাকার মহব্বত হোসেনের প্রায় ২৫০ বিঘা জমিতে মৎস্য ঘের রয়েছে। তার শ্বশুর ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রামের শেখ ইমরান হোসেন রিপন (৫৫) নিয়মিত ঘের দেখাশোনা ও প্রায়ই রাত্রিযাপন করতেন। মাঝে মধ্যে তার বন্ধু নাদির হোসেন লিটন (৩৫)ও ঘেরের দেখাশোনা করতেন। গত ২৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে ঘেরে আসেন রিপন। পরে রাত সাড়ে ৯টার দিকে মহব্বত হোসেন স্ত্রী-সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। ঘেরে তখন রিপন, লিটন ও কর্মচারী হাসেম আলী অবস্থান করছিলেন। এদিকে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কর্মচারী হাসেম আলী নিজ বাড়িতে যাওয়ার সময় রিপনকে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘেরের পশ্চিম দিকে যেতে দেখেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে ঘেরের মূল বাসায় গিয়ে তিনি দেখতে পান, ঘরের সামনে জুতা ছড়ানো-ছিটানো, সোলার লাইট ভাঙা, আসবাবপত্র এলোমেলো এবং খাবারের পাত্র ছড়িয়ে আছে। তবে ঘরের ভেতরে রিপন ও লিটনকে পাওয়া যায়নি। খবর পেয়ে মহব্বত হোসেন ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। নিখোঁজ দু”জনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া ঘরে কম্বলের ভাঁজে থাকা আনুমানিক ৬০ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোনও পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি ৯৯৯ কল করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

‎এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২১৪) দায়ের করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana