
মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াগাতী (কালিয়া)
মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতীতে যথাযোগ্য মর্যাদায় কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারসহ নড়াগাতী থানা এবং বিভিন্ন ইউনিয়নে দিবসের প্রথম প্রহর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকেন। শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, দিনমজুরসহ সর্বস্তরের জনসাধারণ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় উপস্থিত বক্তা সাংবাদিক মোঃ মনিরুজ্জামান চৌধুরী বলেন, ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় জীবনের অন্যতম ভিত্তি। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে জানাতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শান্তিপূর্ণ ও শ্রদ্ধাবনত পরিবেশে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।















