
মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল জেলা প্রতিনিধি :
নড়াইল সদর উপজেলায় আহসান আজিজুল হাকিম (৩২) নামে এক জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। তিনি সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের পরাজিত প্রার্থী ওবায়দুল্লা কায়সারের নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে নড়াইল সদর উপজেলা-এর বিছালী ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আহসান আজিজুল হাকিম স্থানীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামি-র বিছালী ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক।
ভুক্তভোগীর দাবি, শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে তার বাড়ির উঠানে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ঘোরাফেরা করছিল। বিষয়টি টের পেয়ে তিনি বাইরে বের হলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে ভোরের দিকে বিকট শব্দ শুনে জানালা খুলে তিনি দেখেন, তার ব্যবহৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটিতে আগুন জ্বলছে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলের বেশ কিছু অংশ পুড়ে যায়।
রাজনৈতিক কারণে এ ঘটনা ঘটেছে দাবি করে আহসান আজিজুল হাকিম বলেন, ‘নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করায় শত্রুতাবশত দুর্বৃত্তরা আমার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এদিকে বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. হাসিবুর মোল্যা বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পোড়া মোটরসাইকেলটি দেখতে পান। তিনি ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে বলেন, রাজনৈতিক মতভেদের কারণে কারও জানমালের ক্ষতি করা অনাকাঙ্ক্ষিত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।















