
মোঃ শামিম শেখ, বটিয়াঘাটাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে ধানের শীষের পক্ষে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খানের সমর্থনে বটিয়াঘাটায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী জনসভা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বটিয়াঘাটা বাজার চত্বরে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। প্রধান বক্তা হিসেবে নির্বাচনী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৈয়েবুর রহমান, এস এম শামীম কবির এবং কেন্দ্রীয় যুবদল নেতা পার্থদেব মন্ডল।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের একমাত্র পথ হলো ধানের শীষের বিজয়। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জনগণের মতামত উপেক্ষিত থাকলেও এবার মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে প্রস্তুত। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব আমীর এজাজ খানকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
বটিয়াঘাটা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। জনসভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে থাকেন, ফলে পুরো বটিয়াঘাটা বাজার এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।















