
খুলনা প্রতিনিধি:
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বেলুন ও কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন, মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনা। তিনি মানবিক সেবামূলক কার্যক্রমে রেড ক্রিসেন্টের ভূমিকার প্রশংসা করে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মানবকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচির শুভ উদ্বোধন করেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস. এম. মনিরুল হাসান বাপ্পী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে রেড ক্রিসেন্টের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান কে. এম. আশরাফুল আলম নান্নু।এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি এস. এ. রহমান বাবুল, কার্যনির্বাহী কমিটির সদস্য বদরুদ্দোজা বাবুল, মঈনুর রহমান মইন, রাজীব হুমায়ুন রাজু, শেখ ফারুকসহ অন্যান্য সদস্যবৃন্দ, আজীবন সদস্য এবং যুব রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মানবসেবা ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে অংশগ্রহণকারীরা মানববন্ধনে অংশ নেন এবং রেড ক্রিসেন্টের আদর্শ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।















