সর্বশেষ:

sundorbone costguard er ovijan

কয়রায় সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে গোলাগুলি: ১ জন নিহত, ৩ জন গুলিবিদ্ধ* *নিহতের পরিবারের দাবি ‘বনদস্যু নন, মুক্তিপণের জন্য আটক ছিলেন’

sundorbone costguard er ovijan
Facebook
Twitter
LinkedIn

শহিদুল ইসলাম

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন সংলগ্ন সুন্দরবনের গহীনে কোস্টগার্ডের অভিযানে রাতভর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন নিহত হয়েছে। ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে কোস্টগার্ড জানিয়েছে। নিহতের পরিবার দাবি করেছে, তিনি বনদস্যু নন, মুক্তিপণের জন্য আটক ছিলেন।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার ২৬ জুন ২০২৬ দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত ২৫ জুন রাত সাড়ে ১০টার দিকে খুলনার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনে কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের সঙ্গে কোস্টগার্ডের রাতব্যাপী গোলাগুলি হয়। ডাকাতদল প্রথমে গুলি চালালে আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি করে। তিনি বলেন, “চলমান অভিযানে এখন পর্যন্ত তিনজন ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ও পলাতকদের আটকে অভিযান চলমান। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।” বিশ্বস্ত সূত্র ও স্থানীয়দের তথ্যমতে, নিহত ব্যক্তির নাম শওকত সরদার, বয়স ৬০। তার মরদেহ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। অপর একজনকে কয়রা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শওকত সরদারের পরিবারের দাবি, তিনি বনদস্যু নন। সুন্দরবনের বনদস্যুরা মুক্তিপণের জন্য তাকে তুলে নিয়ে আটকে রেখেছিল। গোলাগুলির সময় তিনি নিহত হন। তেঁতুলতলার চর গ্রামের বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাতে সুন্দরবনের ভেতর থেকে শতাধিক গুলির শব্দ ও আগুনের শিখা দেখা যায়। আতঙ্কে নারী-শিশুসহ অনেকে বাড়ির বাইরে অবস্থান নেন। সকালে খোড়লকাঠী বাজারে কোস্টগার্ডের সদস্যদের দেখে এলাকাবাসী স্বস্তি পান। হাসপাতাল সূত্র জানায়, মরদেহ আনার পর নিরাপত্তার কারণে হাসপাতালের মূল ফটক সাময়িক বন্ধ রাখা হয়। এ সময় সাংবাদিকসহ সাধারণ মানুষকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। লেঃ কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “ডাকাতরা লোকালয়ে আশ্রয় নিতে পারে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ। তথ্য দিলে পরিচয় গোপন রাখা হবে এবং পুরস্কার দেওয়া হবে। গুজবে বিভ্রান্ত না হয়ে স্বাভাবিক থাকুন।” এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিহত-আহতের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana