সর্বশেষ:

বটিয়াঘাটায় প্রভাষকের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ লুট

Facebook
Twitter
LinkedIn

‎নিজস্ব প্রতিবেদকঃ

খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে শুক্রবার গভীর রাতে এক প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রসাদ রায়ের ভাই এবং মাওলানা ভাষানী মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক তাপস রায়ের বাড়িতে ৩ জন অজ্ঞাতনামা ডাকাত প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, তারা জানালার গ্রিল কেটে অথবা ছাদের সিঁড়ি দিয়ে ঘরে ঢোকে।

‎এ সময় বাড়িতে তাপস রায় ও তার স্ত্রী অবস্থান করছিলেন। ডাকাতরা প্রথমে তাদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করে। পরে তারা ঘরের ট্রাংক ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৬০ হাজার টাকা লুট করে নেয়।

‎ডাকাতরা চলে যাওয়ার সময় তাপস রায় ও তার স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। পরে তারা কোনোভাবে নিজেদের মুক্ত করে আশপাশের লোকজনকে খবর দেন।

‎ভুক্তভোগী তাপস রায় বলেন, গভীর রাতে হঠাৎ কয়েকজন লোক ঘরে ঢুকে আমাদের জিম্মি করে ফেলে। তারা আমাদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে এবং অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। আমরা খুবই আতঙ্কিত ছিলাম। তারা ঘরের সবকিছু তছনছ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। আমরা জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কায় আছি।

‎১নং ওয়ার্ড ইউপি সদস্য প্রসাদ রায় বলেন, তার ভাইয়ের বাড়িতে এ ধরনের ডাকাতির ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

‎এ বিষয়ে সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কে জাকির হোসেন লিটু জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তিনি দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

‎বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana