
আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা ( খুলনা ) থেকে
খুলনা পাইকগাছার বিশিষ্ট আইনজীবী,মানবাধিকার কর্মী, পাক্ষিক গণমিছিল পত্রিকার সম্পাদক এবং পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক ( ৬৮ ) গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবরে এলাকাজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জানা গেছে,হঠাৎ শারিরীক ভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থার খবরে পাইকগাছা ও আশপাশের এলাকা আইনজীবী,সাংবাদিক,মানবাধিকার কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
দীর্ঘদিন ধরে এফ এম এ রাজ্জাক আইন পেশার পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। একই সঙ্গে সাংবাদিকতার মাধ্যমেও তিনি সমাজের বিভিন্ন অসঙ্গতি,অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচিত। যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি ও পাক্ষিক গণমিছিল পত্রিকার সম্পাদক হিসেবে তিনি বিভিন্ন সামাজিক সমস্যা, দূর্নীতি ও অনিয়ম তুলে ধরে জনসচেতনতা সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।
স্থানীয় সচেতন মহলের মতে,একজন সাহসী সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকার কর্মী হিসেবে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন। ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার ভূমিকা এলাকায় প্রশংসিত।
এদিকে তার অসুস্থতার খবরে সহকর্মী,শুভানুধ্যায়ী ও এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং তিনি যেন শিগগিরই সুস্থ হয়ে আবার সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে পারেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এফ এম এ রাজ্জাকের পরিবার ও শুভানুধ্যায়ীরা সকলের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।















