সর্বশেষ:

hasan hotta mamlay greftar mintu

পাইকগাছার আলোচিত হাসান হত্যা মামলায় গ্রেপ্তার মিন্টু জেলহাজতে

hasan hotta mamlay greftar mintu
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছার আলোচিত হাসান হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক ছাত্রনেতা নাজমুল হুদা মিন্টুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাবের হাতে গ্রেপ্তারের পর মিন্টুকে থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা গেছে, গত ৯ জুন মঙ্গলবার বিকেলে র‍্যাব-৬, খুলনার একটি দল অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হুদা মিন্টুকে গ্রেপ্তার করে। পরে তাকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ৭ জুন রোববার সন্ধ্যায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের পশুর হাট এলাকায় পিটুনির ঘটনায় নিহত হন স্থানীয় বাসিন্দা মালেক সরদারের ছেলে হাসান কিং (৩৫)। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতের পরিবারের অভিযোগ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিন্টুসহ একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে হাসানকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় নিহতের পিতা মালেক সরদার বাদী হয়ে নাজমুল হুদা মিন্টুসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।

বুধবার মিন্টুকে আদালতে তোলার সময় আদালত চত্বরে উভয় পক্ষের লোকজনের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় নিহতের স্বজনরা হত্যার সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অপরদিকে মিন্টুর সমর্থকরা তাকে নির্দোষ দাবি করে মুক্তির আহ্বান জানান। আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana