
আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা )
খুলনার পাইকগাছায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়ন ও শারীরিক গঠনের লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা ক্রীড়া সংস্থা। এর অংশ হিসেবে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ করা হয়েছে।১৫ জুন বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার মোট ১৬৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদের হাতে এই ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে এসকল ফুটবল বিতরণ করেন। এ সময় তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় আবদ্ধ না রেখে মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার সুযোগ করে দিতে হবে। এই ফুটবল বিতরণের মাধ্যমে মাঠ পর্যায়ে খুদে ফুটবলার তৈরিতে স্কুলগুলো আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল লতিফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শচীন্দ্র নাথ বিশ্বাস ও ভূধর চন্দ্র সানা, সদস্য জামিনুর রহমান রানা সহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ। উপজেলা ক্রীড়া সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষকরা জানান, দীর্ঘদিন পর একসাথে সব বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী পৌঁছানোর এই প্রচেষ্টা তৃণমূল পর্যায়ে ফুটবল খেলাকে আরও বেগবান করবে।














