
নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে বিধান গাইনকে গ্রেফতার করেছে পিবিআই খুলনা। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
মামলার সূত্রে জানা যায়, ওই তরুণী ২০২১ সালে সজীব সাহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে দুই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। দাম্পত্য কলহের জেরে ২০২৫ সালের অক্টোবর মাসে পারিবারিকভাবে তাদের ডিভোর্স হয়।
ডিভোর্সের পর একই এলাকার বিধান গাইনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে বিধান গাইন তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ সময় গোপনে ধারণ করা ভিডিও ও স্থিরচিত্র দেখিয়ে তাকে পুনরায় সম্পর্ক রাখতে বাধ্য করা হয়। পাশাপাশি অন্যত্র বিয়ে করলে বা আইনি ব্যবস্থা নিলে এসব ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী গত ১২ মার্চ ২০২৬ তারিখে সোনাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯(খ) ধারায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৯। মামলাটি পিবিআইয়ের শিডিউলভুক্ত হওয়ায় পিবিআই খুলনা স্ব-উদ্যোগে তদন্তভার গ্রহণ করে।
মামলাটির তদন্ত করছেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন। তার নেতৃত্বে পিবিআই খুলনার একটি টিম অভিযান চালিয়ে ঢাকার রূপনগর থানা এলাকা থেকে গত ১৫ মার্চ ২০২৬ তারিখে আসামি বিধান গাইনকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআই জানায়, মামলাটির তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।















