সর্বশেষ:

খুবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) খুলনা :

খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী ‘এনকেজিং দ্য এক্সপোজার সিজন-৪’ শীর্ষক আন্তর্জাতিক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৫টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের আঙ্গিনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমরা সাধারণত ছবি দেখি, কিন্তু তার অন্তর্নিহিত শিল্পভাব ও বক্তব্য উপলব্ধি করতে হলে শৈল্পিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। একটি চিত্রকর্ম এমনভাবে ভাব প্রকাশ করতে পারে, যা অনেক সময় ভাষায় তুলে ধরা কঠিন। তিনি আরও বলেন, উন্নত দেশগুলো শুধু প্রযুক্তিগত দিক থেকেই নয়,শিল্প-সাহিত্যেও এগিয়ে। শিক্ষার্থীদের এ ধরনের সৃজনশীল উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং দেশ-বিদেশের তরুণ আলোকচিত্রশিল্পীদের ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার
প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. গাজী মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির সভাপতি সাখাওয়াত হোসেন। এ সময় ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মোঃ তরিকত ইসলাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মিনহাজ রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি প্রদর্শনীটি পরিদর্শন করেন। প্রদর্শনীতে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের পাঠানো ৩৬৫৪টি ছবির মধ্য থেকে বাছাইকৃত ৪০টি ছবি স্থান পেয়েছে। তিন দিনব্যাপী এ আয়োজনটি চারুকলা স্কুলের আঙ্গিনায় সবার জন্য উন্মুক্ত থাকবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana