
বটিয়াঘাটা প্রতিনিধিঃ
রাজপথের উত্তাল দিনগুলো আর দীর্ঘ সংগ্রামের পথচলার এক সাহসী নাম ৩নং গঙ্গারামপুর ইউনিয়নের বারবার সফল সাবেক সভাপতি মোঃ অলিয়ার রহমান শেখ। ত্যাগ, সাহস ও নিষ্ঠার প্রতীক এই লড়াকু সৈনিক দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করেছেন একজন পরীক্ষিত ও নির্ভীক কর্মী হিসেবে। অথচ আজ সেই নেতার কাঁধে চাপানো হয়েছে এক বেদনাদায়ক বহিষ্কারাদেশ, যা তৃণমূলের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে।
জীবনের কঠিন সময়গুলোতেও তিনি কখনো পিছু হটেননি। জেল খেটেছেন, হয়েছেন একাধিক হামলা ও মামলার শিকার। বিশেষ করে বটিয়াঘাটা উপজেলায় দায়ের হওয়া সর্বোচ্চ সংখ্যক নাশকতা মামলার আসামি হিসেবে বারবার নাম এসেছে তার। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় কোনো নাশকতা মামলা হলেই সেখানে প্রায় নিয়মিতভাবেই জড়িয়ে দেওয়া হতো অলিয়ার রহমান শেখের নাম—এমন অভিযোগ তৃণমূল নেতাকর্মীদের। একাধিকবার নির্যাতনের শিকার হয়েও দলের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধ তাকে কখনো বিচ্যুত করতে পারেনি।
কিন্তু দুঃখজনকভাবে, তার সেই ত্যাগ ও সংগ্রামের ইতিহাসকে উপেক্ষা করেই দেওয়া হয়েছে এই বহিষ্কারাদেশ, যা এখন অনেকের কাছেই অপ্রত্যাশিত ও হৃদয়বিদারক বলে মনে হচ্ছে। তৃণমূলের মতে, এই বহিষ্কারাদেশ শুধু একজন নেতার বিরুদ্ধে সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের ত্যাগী এক কর্মীর সম্মানকে ক্ষুণ্ন করার শামিল।
আজ সেই ত্যাগ ও সংগ্রামের প্রতিটি স্মৃতি মনে করে ব্যথিত হয়ে উঠেছে তৃণমূলের নেতাকর্মীরা। তারা আবেগঘন কণ্ঠে দাবি জানিয়েছেন, এই অন্যায্য বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহার করে মোঃ অলিয়ার রহমান শেখের প্রাপ্য সম্মান ও মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক।














