
নিজস্ব প্রতিবেদক:
খুলনার রূপসা উপজেলায় মাত্র ৫০০ টাকার মাছ কেনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক চায়ের দোকানদার নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম দীন মোহাম্মদ ঢালী (৬১)। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ভাবনীরপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাবনীরপুর গ্রামের বাসিন্দা দীন মোহাম্মদ ঢালী দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি অফিসের পাশে নিজ চায়ের দোকান পরিচালনা করে আসছিলেন। বিকেলে দোকানে থাকা অবস্থায় মাছ কেনা নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে প্রতিপক্ষরা তাকে মারধর করে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, মাত্র ৫০০ টাকার মাছ কেনা নিয়ে এই তুচ্ছ বিরোধ থেকেই নৃশংস হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আবুল খায়ের নামে এক ব্যক্তিকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। তিনি ঘাটভোগ ইউনিয়নের কৃষকলীগের আহ্বায়ক বলে জানা গেছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রূপসা থানার পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।















