সর্বশেষ:

পাইকগাছায় সংখ্যালঘু পরিবারে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় থানায় মামলা : আটক ২

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় এক সংখ্যালঘু পরিবারের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাট ও নারী সদস্যদের শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে । গত ২৩ মার্চ সোমবার দুপুরে উপজেলার কপিলমুনির গোয়ালবাথান এলাকায় পরিমল চন্দ্র ঢালীর ছেলে সুকুমার চন্দ্র ঢালী ও উত্তম কুমার ঢালীর বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। পুলিশ রাসেল ও রাতুল গাজী নামে দুইজন কে আটক করেছে।

ভুক্তভোগী সুকুমার চন্দ্র ঢালী (৪৫) অভিযোগ করেন গত সোমবার দুপুরে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী চাঁদার টাকা না পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।প্রথম দফায় হামলাকারীরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর চালায় এবং এলাকা ছাড়া ও প্রাণনাশের হুমকি দেয়। এরপর কিছু সময় পর আরও লোকজন নিয়ে পুনরায় হামলা চালিয়ে বাড়ির বিভিন্ন অংশ তছনছ করে এবং পরিবারের সদস্যদের উপর নির্বিচারে মারধর শুরু করে। হামলায় সুকুমার ঢালীসহ একাধিক ব্যক্তি আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরে ঢুকে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এছাড়া বাড়ির নারী সদস্যদের কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানি করে। ভুক্তভোগীর দাবি পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, এর আগেও একই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। সুকুমার ঢালীর ভাই উত্তম কুমার ঢালী অভিযোগ করেন হামলার সময় আমার স্ত্রী সন্তানরা বাড়িতে ছিল। পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে উরপা ঢালীর কোলে তখন ৯মাসের শিশু সন্তান ছিল। সন্ত্রাসীদের তান্ডবে আমার শিশু সন্তানরা আতঙ্কিত হয়ে পড়ে।

এখনো পরিবারের সকলের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে তিনি জানান। এঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সুকুমার চন্দ্র বাদি হয়ে কাশিমনগর গ্রামের আজোর আলী গাজীর ছেলে রাসেল গাজী (৩৩) সহ ৯ জনের নাম উল্লেখ এবং ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছে। যার মামলা নং ১৫, তারিখ ২৪-০৩-২০২৬। পুলিশ এ মামলার অন্যতম আসামি রাসেল গাজী ও রাতুল গাজীকে আটক করেছে বলে জানা গেছে।এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে বলে অনেকেই অভিযোগ করেন। দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ ঘটনায় দুইজন কে আটক করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana