
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নে অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানে ভুয়া পদবী বা বিশেষজ্ঞ পরিচয় ব্যবহার করে রোগী দেখা ও প্রেসক্রিপশন প্রদান করার অপরাধে গৌতম সরকার (৪৭) নামে এক ব্যক্তিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা গ্রামের মৃত সুধীর সরকারের ছেলে। তার বিরুদ্ধে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ধারা ২৯ লঙ্ঘনের অভিযোগে এ দণ্ড দেওয়া হয়। মামলার নম্বর ০৬/২০২৬।

পরে বিকাল ৩টা ১৫ মিনিটে দণ্ডপ্রাপ্ত গৌতম সরকারকে পাইকগাছা থানার সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ সরকারের নিকট হস্তান্তর করা হয়। এছাড়া অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ব্যবস্থাপনায় দুইটি প্রতিষ্ঠানের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে চারটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারের কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।















