
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
চরম অর্থকষ্টে পড়ে নিজের প্রিয় সন্তানকে বিক্রি করে লিভার ক্যান্সারে আক্রান্ত স্বামীর চিকিৎসার ঘোষণা দিয়েছিলেন এক অসহায় নারী। সেই হৃদয়বিদারক সংবাদের কেন্দ্রবিন্দুতে থাকা খুলনা পাইকগাছার স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আত্তাপ গাজীকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ মনিরুল হাসান বাপ্পী।শনিবার দুপুরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আত্তাপ গাজীর শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন তিনি। প্রিয় নেতাকে সামনে পেয়ে আবেগাপ্লুত আত্তাপ গাজী কান্নায় ভেঙে পড়েন। এসময় মনিরুল হাসান বাপ্পী তাকে সান্ত্বনা দেন এবং তার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। তিনি আত্তাপের উন্নত চিকিৎসার জন্য দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, রাজনৈতিক প্রতিহিংসা ও জেল-জুলুমের শিকার হয়ে দীর্ঘদিন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন আত্তাপ গাজী। একপর্যায়ে তার পরিবার এতটাই নিঃস্ব হয়ে পড়ে যে, তার স্ত্রী স্বামীর চিকিৎসার খরচ জোগাতে নিজের কন্যা সন্তানকে বিক্রি করার সিদ্ধান্ত নেন। এই মর্মস্পর্শী সংবাদটি গণমাধ্যমে প্রকাশের পর মনিরুল হাসান বাপ্পীর নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা বিএনপিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর নির্দেশেই উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ আত্তাপকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। হাসপাতালে এ সময় আরও উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ ময়নাসহ চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।















