
মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল
সারা দেশে চলমান নির্বাচনি প্রচার ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নড়াইলে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শাফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করে নড়াইলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নড়াইল জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় জেলা জামায়াতে ইসলামীর আমির এবং নড়াইল–২ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান বাচ্চু জানান, আগামীকাল দুপুর ২টায় নড়াইল শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এতে বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শাফিকুর রহমান।
তিনি আরও জানান, জনসভা সফল করতে গত কয়েকদিন ধরে মঞ্চ নির্মাণ ও মাইক স্থাপনের কাজ চলছে। ইতোমধ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইক টাঙানো হয়েছে। পাশাপাশি জনসভা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে প্রায় ৩০০ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। তারা বিশেষ পোশাক পরিধান করে জনসভাস্থলে দায়িত্ব পালন করবেন।আতাউর রহমান বাচ্চু বলেন, “জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। সাধারণ মানুষ তার বক্তব্য শোনার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। আমরা আশা করছি, এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা সেক্রেটারি ও নড়াইল–১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার এবং জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান।















