
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাকা-বাজার ঈদগা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, নদী-খাল খননের মাধ্যমে কৃষির পুনর্জাগরণ এবং আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশবিরোধী চক্র নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা উপেক্ষা করে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হবে।
আবুল কালাম আজাদ আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ন্যায়ভিত্তিক, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব নির্বাচনের মাধ্যমেই দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া যাবে।রাড়ুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ তৌহিদুজ্জামান নূরের সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মহিববুল্লাহ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী, সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রায়হান হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহম্মেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা. আসাদুল ইসলাম ও নির্বাহী সদস্য মো. আকবর হোসেন, ইসলামী ছাত্রশিবির পাইকগাছা পৌর থানা সভাপতি সাইদুল ইসলাম, সেক্রেটারি শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।জনসভায় বক্তারা বলেন, জনগণের মৌলিক অধিকার রক্ষা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।















