সর্বশেষ:

podoteg er dabite bikkhov

রাষ্ট্রীয় শোক উপেক্ষা করে পুরস্কার বিতরণ মতলব দক্ষিণে প্রধান শিক্ষককে শোকজ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ

podoteg er dabite bikkhov
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি মোঃ তপছিল হাছান

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির নির্দেশনা অমান্য করে বিদ্যালয় খোলা রেখে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করায় এক প্রধান শিক্ষককে শোকজ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

অভিযোগের মুখে পড়েছেন মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন তপদার। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কেএম ইশমাম।
সরেজমিনে জানা যায়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে গভীর শোক ঘোষণা করে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ গত ৩০ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এর অংশ হিসেবে ৩১ ডিসেম্বর বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে সরকারের এই নির্দেশনা উপেক্ষা করে সাধারণ ছুটির দিন বুধবার হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সারা দেশ যখন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকাহত, তখন বিদ্যালয় খোলা রেখে উৎসবমুখর আয়োজন করায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধান শিক্ষকের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। স্থানীয় বিএনপি নেতা গিয়াস উদ্দিন বলেন, “রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণার পরও বিদ্যালয় খোলা রেখে আনন্দঘন অনুষ্ঠান আয়োজন করা চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। এলাকাবাসী তার পদত্যাগ দাবি করছে।” অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নোয়াব খান বলেন, “সরকার যখন বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে, তখন তা অমান্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওইদিন আমি নিজেও বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি দেখেছি।”

এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন তপদার বলেন, “এটা আমার ভুল হয়েছে। বিদ্যালয় খোলা রাখার কারণে আমাকে শোকজ করা হয়েছে।” উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম পাটোয়ারী জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ইউএনও’র নির্দেশে সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কেএম ইশমাম বলেন, “রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করে সাধারণ ছুটির দিনে বিদ্যালয় খোলা রেখে ফলাফল ও পুরস্কার বিতরণ করা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে এবং প্রয়োজন হলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana