
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় পানি সরবরাহকারী দুই প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে। ১ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এবং বিএসটিআই যৌথভাবে উপজেলার বিভিন্ন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে পানি প্রক্রিয়াজাতকরণ ও লাইসেন্স না থাকার অপরাধে পানি সরবরাহকারী নূর ইসলাম কে ১০ হাজার ও মীর আনিসুর রহমান কে ৫ হাজার সহ দুই প্রতিষ্ঠান কে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই এর মাঠ পরিদর্শক আব্দুল মান্নান ও পেশকার আনিসুর রহমান। উল্লেখ্য উপকূলীয় এ অঞ্চল লবণ অধ্যুষিত হওয়ায় এ অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। এ কারণে এখানে যত্রতত্র বাণিজ্যিক ভাবে গড়ে উঠেছে অসংখ্য পানি সরবরাহ ও প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান। কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই প্রতিষ্ঠান গুলো পানি বিক্রয় করে আসছে। অবশেষে পানির গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে প্রশাসনের এ ধরনের অভিযান কে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।















