পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় চিংড়ী ঘের থেকে ভারতী মন্ডল (৫৫) নামে এক পুলিশ কর্মকর্তার মায়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১৫ মার্চ রোববার রাতে দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে হত্যার পর উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী এলাকার একটি চিংড়ী ঘেরে ফেলে রেখে যায়। নিহত ভারতী মন্ডল ওই এলাকার প্রভাষ মন্ডলের স্ত্রী। ভারতীর একমাত্র ছেলে বাগেরহাটের স্মরণখোলা থানায় এসআই পদে কর্মরত রয়েছে।
এ ঘটনায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান( ক্রাইম) সহকারী পুলিশ সুপার আমির হামজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ বলছেন ১৫ মার্চ গভীর রাতে কে বা কারা পুলিশ কর্মকর্তার মা'কে মাথায় কুপিয়ে ও গঁলাকেটে হত্যা করে বসত বাড়ীর পূর্ব পাশে চিংড়ি ঘেরে ফেলে রেখে নিবিঘ্নে পালিয়ে যায়।
এ সম্পর্কে নিহতের ভাই সুকুমার মনি জানান, রোববার সকালে বোনের বাড়ীতে এসে দেখি দরজা খোলা ঘরে জিনিসপত্র তছনছ করা। এরপর ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে বাড়ীর কাছে ঘেরে বোনের লাশ পড়ে থাকতে দেখি। স্থানীয় অনেকেই বলেন বসতবাড়ীতে লুটপাট করার পর ওই নারীকে হত্যা করে দুর্বৃত্তরা। স্থানীয় সংবাদ কর্মী কৃষ্ণ রায় বলেন বসতবাড়ির পশ্চিম পাশে ঘেরের রাস্তায় ১৫ টি জুয়েলারি ব্যাগ পাওয়া গিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে ওসি মোঃ গোলাম কিবরিয়া বলেন, কে বা কারা ভিকটিমের মাথায় কুপিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে মৎস্য ঘেরে ফেলে রাখে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে উল্লেখ করে ওসি গোলাম কিবরিয়া বলেন বিষয়টি পুলিশ নিবিড় ভাবে পর্যবেক্ষণ এবং তদন্ত করে দেখছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে সবকিছু পরিস্কার হওয়া যাবে বলে তিনি জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছিল।