পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল, পাই জাল ও টং জাল সহ ক্ষতিকর জাল নির্মূলে পাইকগাছার শিবসা, দেলুটি সহ বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে।উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে ১২ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সোলাদানা, লতা, দেলুটি ইউনিয়নে প্রবাহিত শিবসা, দেলুটি, ভদ্রতা সহ বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
এসময় ৩টি অবৈধ নেট জাল জব্দ করা হয় এবং আনুমানিক ২ লক্ষ পার্শে পোনা জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়। পরবর্তীতে জব্দকৃত নেট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বাংলাদেশ নৌ পুলিশ পাইকগাছার সহযোগীতায় অভিযানে ক্ষেত্র রণধীর সরকার, নৌ ফাঁড়ি পুলিশের কর্মকর্তা রবিউল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, জনস্বার্থে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল, পাই জাল ও টং জাল ইত্যাদি অপসারণে অভিযান অব্যাহত থাকবে। আসুন, আমরা সচেতন হই। সরকারি নির্দেশনা মেনে চলি।