
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী-এর সভাপতিত্বে সভায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বর্তমান চিত্র এবং মাঠ পর্যায়ের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কো-অর্ডিনেটর মল্লিকা মন্ডল। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পক্ষে সুরজিত পাল ও বিশ্বজিৎ সরদার সভায় অংশগ্রহণ করেন। সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জিএম আব্বাস উদ্দীন, মুহা. বেল্লাল হুসাইন সহ অন্যান্য কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন। বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি মাসিক প্রতিবেদন সঠিকভাবে দাখিল এবং ডাটা এন্ট্রির কাজের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। পরিশেষে, গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।















