
আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা) ।
খুলনার পাইকগাছার পুলিশ কর্মকর্তা চিন্ময় মন্ডলের মা ভারতী মন্ডল (৫৫)’র খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল সোমবার বিকালে উপজেলার লতা বাজারে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষক অসিত বরণ মন্ডল, বিকাশ সরকার, বরুণ রায়, মিতালী মল্লিক, স্বপন রায়, মীরা মন্ডল, শংকরী রাণী সরকার, মিলন মন্ডল, রিম্পা মন্ডল, প্রভাতী মন্ডল, ও বিনয় কৃষ্ণ ঢালী। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে পুলিশ কর্মকর্তা চিন্ময় মন্ডলের মায়ের খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য দুর্বৃত্তরা গত ১৪ মার্চ দিবাগত রাতে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামের পুলিশে কর্মরত এসআই চিন্ময় মন্ডলের বাড়িতে লুটপাট করে তার মা ভারতী মন্ডল কে হত্যা করে বাড়ির পাশে চিংড়ি ঘেরে ফেলে রেখে যায়। এঘটনায় ভারতীর ছেলে পুলিশ কর্মকর্তা চিন্ময় মন্ডল বাদি হয়ে পাইকগাছা থানায় হত্যা মামলা করে।















