পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নির্বিচারে পাখি শিকার বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘পাখির অভয়ারণ্য পাইকগাছা’ শীর্ষক সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘বনবিবি’-র উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়। ৪ মার্চ শনিবার বিকেলে গদাইপুর খেলার মাঠ ও স্কুল সংলগ্ন বাজার এলাকার প্রধান সড়কের পাশে এই বিলবোর্ডটি উন্মোচন করা হয়। মূলত শিকারিদের সতর্ক করা এবং সাধারণ মানুষকে প্রকৃতি রক্ষায় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ। বিলবোর্ডটিতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, বন্যপ্রাণী বা পাখি শিকার, হত্যা, ক্রয়-বিক্রয় কিংবা খাঁচায় বন্দি করে রাখা দণ্ডনীয় অপরাধ।
আইনের ধারা অনুযায়ী, পাখি হত্যার অপরাধে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। বিলবোর্ড স্থাপনকালে উপস্থিত ছিলেন ‘বনবিবি’-র সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, শেখ নাইমুর রহমান আপন, পরিবেশকর্মী কার্তিক বাছাড় ও গণেশ দাস প্রমুখ। উল্লেখ্য, ‘পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও’- এই মূলমন্ত্র নিয়ে ২০১৬ সাল থেকে পাইকগাছায় নিরলস কাজ করে যাচ্ছে ‘বনবিবি’। তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাখির নিরাপদ আবাসস্থল তৈরিতে গাছে গাছে মাটির পাত্র ও কৃত্রিম বাসা স্থাপনসহ নিয়মিত লিফলেট বিতরণ ও সচেতনতামূলক সভা পরিচালনা করে আসছে।