এইচ এম সাগর (হিরামন), খুলনা :
অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে খুলনা জেলা পরিষদের মজুদ সহকারী (ভারপ্রাপ্ত) নুরজাহান কাকুলীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (১০ মে) পাইকগাছা আইনজীবী সমিতির বিশিষ্ট আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক এ নোটিশ প্রদান করেন।
নোটিশ সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের বাসিন্দা এবং ধামরাইল গাজীপাড়া বাইতুন নূর জামে মসজিদের সভাপতি মোঃ জাফর আলী গাজীর কাছ থেকে মসজিদের জন্য খুলনা জেলা পরিষদ হতে ১০ লাখ টাকা অনুদান পাইয়ে দেওয়ার আশ্বাস দেন নুরজাহান কাকুলী। এ কাজে সহায়তার কথা বলে তিনি জাফর আলী গাজীর নিকট থেকে নগদ ৩ লাখ টাকা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে প্রতিশ্রুত অনুদান প্রদান করতে ব্যর্থ হলে পাওনা টাকা পরিশোধের উদ্দেশ্যে নুরজাহান কাকুলী তার নিজ নামীয় সোনালী ব্যাংক পিএলসি, সার ইকবাল রোড শাখা, খুলনার একটি চেক প্রদান করেন। কিন্তু গত ৭ মে ২০২৬ তারিখে চেকটি ব্যাংকে জমা দিলে হিসাবটিতে পর্যাপ্ত অর্থ না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করে ফেরত দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী জাফর আলী গাজী বিষয়টি নিয়ে নুরজাহান কাকুলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো সদুত্তর দেননি বলে অভিযোগ করা হয়েছে। পরে নিরুপায় হয়ে ভুক্তভোগী আইনগত সহায়তা নিতে বাধ্য হন।
আইনি নোটিশে অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক উল্লেখ করেন, নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে জাফর আলী গাজীর পাওনা ৩ লাখ টাকা পরিশোধ করে চেক ফেরত নিতে হবে। অন্যথায় নুরজাহান কাকুলীর বিরুদ্ধে আদালতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।