মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে ইসরাফিল কবীর রাজু বিজয়ী হয়েছেন। জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নুর মোহাম্মদ ভোট গণনা শেষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা আইনজীবী সমিতির ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৬১ জন ভোটারের মধ্যে ১৪৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।সভাপতি পদে আজিবুর রহমান ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তারিকুল জামান লিঠু পেয়েছেন ৬৯ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইসরাফিল কবীর রাজু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নেওয়াজ মাহমুদ তুহিন পেয়েছেন ৪৮ ভোট।এ ছাড়া সহ-সভাপতি পদে শরিফুল ইসলাম টিটু এবং যুগ্ম সম্পাদক পদে ওহিদুল জাম্মান জুলু নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— আইন ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক পদে লাভলী আক্তার, গ্রন্থাগার সম্পাদক পদে ইমরুল হাসান সনেট এবং সদস্য পদে শিমুল ফকির, এস এম ইকবাল হোসেন, মিলিনা খানম, কাজী জিয়াউর রহমান ও শাহাজিয়ার শারমিন মুন্নী।নির্বাচন শেষে বিজয়ীরা আইনজীবীদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমিতির সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।