মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি:
নড়াইল-১ (কালিয়া-নড়াইল সদর আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৪ নং মাউলি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেম্বার মোঃ সোহাগ শেখ। তিনি একই সঙ্গে মাউলি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং নড়াগাতী থানা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি নবনির্বাচিত সাংসদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে মোঃ সোহাগ শেখ ফুলেল শুভেচ্ছা জানান এবং নড়াইল-১ আসনে ঐতিহাসিক বিজয়ের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় স্থানীয় দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মোঃ সোহাগ শেখ বলেন, “নড়াইল-১ আসনের জনগণ তাদের আস্থা ও ভালোবাসা দিয়ে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে নির্বাচিত করেছেন। এই বিজয় গণমানুষের বিজয়। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে নড়াইল-১ আসনে উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
তিনি আরও বলেন, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং জনগণের ব্যাপক সমর্থনের ফলেই এ বিজয় সম্ভব হয়েছে। আগামী দিনে সাংসদের দিকনির্দেশনায় দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে সবাই একযোগে কাজ করবেন।
নবনির্বাচিত সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি নড়াইল-১ আসনের সকল মানুষের সাংসদ। দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় এ অঞ্চলকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।”
এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের ঐক্য ও সমর্থন কামনা করেন।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। তার এই বিজয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং বিভিন্ন পর্যায় থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে।