সর্বশেষ:

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ (অব.)

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নড়াইল-১ (কালিয়া ও নড়াইল সদর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন (অব.)। দীর্ঘদিন থেকেই তিনি এলাকাবাসীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

২০০৭ সাল থেকেই তিনি নড়াইলের সাধারণ মানুষের সঙ্গে কাজ করে আসছেন। ২০১৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংসদ নির্বাচনের মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে আগামী ২০২৬ সালের জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং অবশেষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত ঘোষণা দেন।

লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন বলেন,“জাতীয় নির্বাচন আর বেশি দূরে নয়। আগামী ফেব্রুয়ারির মধ্যেই ভোট অনুষ্ঠিত হতে পারে। স্বাধীনতার পর নড়াইল-১ আসনে এখন পর্যন্ত খুব কম সংখ্যকই প্রকৃত অর্থে যোগ্য প্রতিনিধি হিসেবে স্বাক্ষর রাখতে পেরেছেন। আমার ৩০ বছরের সামরিক বাহিনীর অভিজ্ঞতা, জাতিসংঘ মিশনে দেশের প্রতিনিধিত্বসহ সামগ্রিক দক্ষতা এলাকার উন্নয়নে কাজে লাগাতে চাই। জনগণের প্রত্যাশা পূরণই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন,“আমি এলাকায় ১৫০ জনের বেশি যুবককে সরকারি চাকরিতে সুযোগ দিতে পেরেছি। রাস্তাঘাট, কালভার্ট ও ব্রিজ নির্মাণ থেকে শুরু করে চিকিৎসা সহায়তা—সবক্ষেত্রেই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতা বজায় রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছি।”

নড়াইলের কালিয়া উপজেলার পেরলি ইউনিয়নের খররিয়া গ্রামের সন্তান লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন একটি গর্বিত মুক্তিযোদ্ধা পরিবারের উত্তরসূরি। তার বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা বজলার রহমান শিকদার ও সহোদরসহ একই পরিবারের মোট পাঁচজন সরকারি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা।

ইতিমধ্যে তিনি কালিয়া পৌরসভা, পেরলী, হামিদপুর, সিংগাসোলপুর, বিছালী এবং কলোড়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়, বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগে তার উপস্থিতি উৎসাহব্যঞ্জক সাড়া ফেলেছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana