
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাখিমারা মোড়ে সশস্ত্র হামলার ঘটনায় হুমায়ুন সরদার (৪৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ জুন ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিরোধের জেরে আমিনুর মোল্লা, মিজানুর মোল্লা, শাহীনুর মোল্লা ও নাজিমুদ্দিন মোল্লা (পিতা: রব মোল্লা), গ্রাম নলিয়ারচর, উপজেলা তেরখাদা, জেলা খুলনার বাসিন্দা, সংঘবদ্ধভাবে হুমায়ুন সরদারের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীরা হুমায়ুনকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। আহত হুমায়ুন সরদার পাখিমারা গ্রামের মৃত বাগান সরদারের ছেলে এবং স্থানীয়ভাবে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত। হাসপাতাল থেকে তিনি অভিযোগ করেন, হামলার সময় দুর্বৃত্তরা তার কাছে থাকা নগদ প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
হুমায়ুন সরদার এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদকসেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া গেলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।