
মোঃ শামীম শেখ, বটিয়াঘাটা খুলনা :
খুলনার বটিয়াঘাটা উপজেলায় মাদক বিক্রির প্রতিবাদ করায় এক বৃদ্ধকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মতিয়ার রহমান শেখ (৬৫) বটিয়াঘাটা থানায় ২৯ মার্চ ২০২৬ইং রবিবার একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। জিডি নং-১৪৫১।
জিডি সূত্রে জানা যায়, মতিয়ার রহমান শেখ অভিযোগ করেন উপজেলার সুন্দরমহল এলাকার মোঃ হাসিব বিশ্বাস (২৭) দীর্ঘদিন ধরে তার জমিতে গিয়ে মাদক বিক্রি করে আসছে। বিষয়টি তিনি একাধিকবার নিষেধ করলে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তার জমির গাছপালা কেটে ক্ষতিসাধন করে। গত ২০ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে হাসিব বিশ্বাস ও তার পিতা সেলিম বিশ্বাস তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভয়ভীতি প্রদর্শন করে বলে তিনি অভিযোগ করেন। ভুক্তভোগী আরো বলেন, বিবাদীর কাজে কেউ বাধা দিলে তাকে মারধর, এমনকি খুন জখম করা সহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হবে। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।














