সর্বশেষ:

পাইকগাছায় মাসব্যাপী টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন

Facebook
Twitter
LinkedIn

এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা (খুলনা)

খুলনার পাইকগাছা উপজেলায় এক মাসব্যাপী টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করতে সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় গত ১২ অক্টোবর উপজেলার শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ১৩ নভেম্বর ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শেষ হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার আহম্মেদ শামীমসহ স্বাস্থ্য বিভাগ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৫৯ হাজার শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ক্যাম্পেইনের প্রথম ১০ কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয় এবং পরবর্তী ৮ কর্মদিবস ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্র ও অস্থায়ী ইপিআই টিকা কেন্দ্রে টিকা দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এক মাসব্যাপী এ ক্যাম্পেইনে প্রায় ৯৯ শতাংশ শিশুকে টিকার আওতায় আনতে সক্ষম হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান দল।টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন–২০২৫ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান। কর্মশালায় ক্যাম্পেইন বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ।সভায় আরও বক্তব্য রাখেন—সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট ডা. জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আইসিটি কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা এবং সচেতন অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের ফলে আমরা প্রায় ৫৯ হাজার শিশুকে টিকার আওতায় আনতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও স্বাস্থ্য বিভাগের সুনাম বজায় রাখতে সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করে যাব।ক্যাম্পেইন সফল করতে মাঠপর্যায়ে কাজ করা স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পোর্টার, স্বেচ্ছাসেবী, এছাড়াও উপজেলা পর্যায়ে কর্মরত এমটি ইপিআই, স্যানিটারি ইন্সপেক্টর, পরিসংখ্যানবিদ, সিনিয়র স্টাফ নার্স ও মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana