এইচ এম সাগর (হিরামন), নিজস্ব প্রতিবেদক :
কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও বাণিজ্যিক ভাবে শক্তিশালী খাতে রূপান্তরের লক্ষ্যে খুলনা জেলায় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে কৃষিভিত্তিক স্বনির্ভর প্রকল্প এগ্রিকালচার টেকনোলজি ট্রান্সফার প্রোগ্রাম (এটিটিপি)।গতকাল বিকাল ৫ টায় নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় নারী উন্নয়ন ফাউন্ডেশন নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার অফিসে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ) এর সহযোগিতায় বাস্তবায়িত এই কর্মসূচি দেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং কৃষির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের প্রত্যয়ে যাত্রা শুরু করেছে। খুলনা জেলায় প্রকল্পটির স্থানীয় পার্টনার হিসেবে কাজ করছে নারী উন্নয়ন ফাউন্ডেশন নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ইতোমধ্যে জেলার ডুমুরিয়া, বটিয়াঘাটা, দাকোপ, পাইকগাছা, দিঘলিয়া, ফুলতলা ও রূপসা উপজেলাসহ খুলনা মেট্রো কৃষি এলাকায় প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৬০০ কৃষক পাচ্ছেন সুবিধা
সংস্থার সূত্রে জানা গেছে, প্রাথমিক ভাবে প্রতিটি উপজেলায় ১,২৬০ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেখান থেকে বাছাইকৃত ৬০০ জন কৃষককে প্রকল্পের সরাসরি সুবিধার আওতায় আনা হবে। প্রথম ধাপে তিন বছর মেয়াদি এই কর্মসূচির আওতায় প্রতি উপজেলায় ধাপে ধাপে ২,০০০ জন কৃষক ও কৃষাণীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। কম মূল্যে কৃষিযন্ত্র ও মানসম্পন্ন বীজ এটিটিপি প্রকল্পের আওতায় যুক্ত কৃষকরা তুলনামূলক কম মূল্যে বিভিন্ন ব্র্যান্ডের কৃষিযন্ত্র সংগ্রহের সুযোগ পাবেন। পাশাপাশি দেশের শীর্ষ বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান লালতীর সীড লিমিটেড-এর উন্নতমানের বীজ সাশ্রয়ী দামে গ্রহণ করতে পারবেন। শুধু উপকরণ সরবরাহই নয়, প্রকল্পের মাধ্যমে প্রান্তিক চাষিদের জন্য থাকছে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ এবং অভিজ্ঞ কৃষিবিদদের সরাসরি পরামর্শসেবা। এতে মাঠপর্যায়ে উৎপাদন বৃদ্ধি,খরচ হ্রাস এবং লাভজনক চাষাবাদ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ আবদুল বারী বলেন, এটিটিপি একটি স্বনির্ভর কৃষি প্রকল্প। সরকারের সাথে সমন্বয় রেখে এটি ভবিষ্যতে দেশের কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে। বর্তমানে খুলনা বিভাগের খুলনা ও বাগেরহাট জেলা,বরিশাল বিভাগের বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলা এবং রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ,বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলায় সাতটি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে এটিটিপি প্রকল্প পরিচালিত হচ্ছে। এই সংস্থাগুলোর মধ্যে রয়েছে নারী উন্নয়ন ফাউন্ডেশন, দিশারী দুস্থ মহিলা সংস্থা,আশার আলো বাংলাদেশ, মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশন, সীড প্রোগ্রাম, প্রত্যাশা বাংলাদেশ ও সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থা। প্রকল্পের সহযোগী সংস্থা সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ) এর নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম মুঠোফোনে বলেন, এগ্রিকালচার টেকনোলজি ট্রান্সফার প্রোগ্রাম সঠিক ভাবে বাস্তবায়িত হলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি আরও জানান, প্রতি তিন মাস অন্তর দেশের বিভিন্ন অঞ্চল থেকে আবেদনের ভিত্তিতে নতুন পাঁচটি পার্টনার অর্গানাইজেশনকে প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কৃষকের স্বপ্নে নতুন আলো বিশেষজ্ঞদের মতে, কৃষিতে প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদন শীলতা বাড়ানো গেলে শুধু খাদ্য নিরাপত্তাই নয়, গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে। খুলনায় শুরু হওয়া এটিটিপি প্রকল্প সেই সম্ভাবনারই নতুন দ্বার উন্মোচন করেছে।